সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
বুধবার সংসদ অধিবেশনে বেসরকারি সদস্যের সিদ্ধান্ত প্রস্তাব (Private Member’s Resolution) হিসেবে বিষয়টি উত্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান। তিনি তার বক্তব্যে নদী ভাঙনের ফলে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন এবং স্থায়ী সমাধানের জোর দাবি জানান।
সংসদে দেওয়া বক্তব্যে এমপি আবুল হাসান বলেন, সুরমা ও কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে কানাইঘাট ও জকিগঞ্জ অঞ্চলে শত শত একর আবাদি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসা—এবং ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে এলাকার সাধারণ মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী এই দুটি উপজেলার ভৌগোলিক গুরুত্ব অত্যন্ত বেশি। নদী ভাঙন অব্যাহত থাকলে শুধু স্থানীয় জনপদের ক্ষতি নয়, বরং এলাকার মানচিত্র পরিবর্তনের আশঙ্কাও রয়েছে, যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।
এ সময় তিনি দ্রুত ও কার্যকর নদী শাসন প্রকল্প গ্রহণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।
সংসদে এ ধরনের সময়োপযোগী উত্থাপন কানাইঘাট ও জকিগঞ্জের নদী ভাঙনকবলিত মানুষের মাঝে কিছুটা আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে এই সংকট মোকাবিলায় কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
.png)