ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবি: জড়িতদের গ্রেফতারের দাবি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের

 

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন মানবিক চিকিৎসকের প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা দাবি ও হুমকি প্রদান অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। চিকিৎসা সেবা একটি মহৎ পেশা, যেখানে মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা প্রদানই প্রধান লক্ষ্য। সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করা শুধু আইনবিরোধী নয়, বরং সমাজের জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এ ঘটনায় কোনো ধরনের ছাড় না দেওয়া হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা না গেলে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী চাঁদাবাজি বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় এবং সকল সচেতন নাগরিককে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

Previous Post Next Post