জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া আমকোনা মাদরাসা ও এতিমখানা-এর শিক্ষার্থী হাফিজ মুহি উদ্দিন সফওয়ানের অনন্য কৃতিত্ব
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া আমকোনা মাদরাসা ও এতিমখানা-এর কৃতী শিক্ষার্থী হাফিজ মুহি উদ্দিন সফওয়ান অনন্য গৌরব অর্জন করেছেন।
প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান লাভ করেন। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে নগদ ৮৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পবিত্র উমরা পালনের জন্য বিশেষ টিকিটও দেওয়া হয়েছে। তার এই অসাধারণ অর্জন মাদরাসা পরিবার ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।
ঢাকার উত্তরা এলাকার হোটেল গ্র্যান্ড বিস্তানায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে জামিয়ার মুহতামিম ও কৃতী শিক্ষার্থী সম্মাননা স্মারক ও নগদ অর্থ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা মুহি উদ্দিন সফওয়ানের মেধা, অধ্যবসায় ও কুরআনের প্রতি গভীর অনুরাগের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মুহি উদ্দিনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো মাদরাসা ও এতিমখানার জন্য গর্বের বিষয়। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ তায়ালা যেন তাকে কুরআনের খেদমতে কবুল করেন এবং ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জনের তাওফিক দান করেন।
