ঢাকা, ৪ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান আলোচকের বক্তব্যে ধর্মমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মুফতি আবদুল মালেক।
বুধবার (৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বক্তব্যকালে মুফতি আবদুল মালেক ধর্মমন্ত্রীর কাঁধে হাত রেখে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা যে ফরজ ইলম দিয়েছেন, সেই ইলম দেশের প্রতিটি ঘরে এবং প্রত্যেক নারী-পুরুষের কাছে পৌঁছে দেওয়া মাননীয় মন্ত্রীর দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করে বলেন, তার জানা মতে ধর্মমন্ত্রীর কোরআন তেলাওয়াত সুন্দর। তিনি বলেন, মন্ত্রিসভা ও সচিবালয়ের সকল সদস্যের দায়িত্ব হলো সহিহ-শুদ্ধ কোরআন তেলাওয়াত শেখা এবং নিজেদের সন্তান ও অধীনস্থদের তা শেখানো।
প্রতিযোগিতার আয়োজকদের মোবারকবাদ জানিয়ে জাতীয় খতিব আরও বলেন, অনেকেই কোরআন নিয়ে গবেষণা করেন, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত জানেন না। এ প্রতিযোগিতায় কোরআন হিফজের পাশাপাশি তেলাওয়াতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, সবার জন্য সহিহ-শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা অত্যন্ত জরুরি।
