গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের কন্যাকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত হানে না, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃদ্বয় আরও বলেন, অপহৃত মেয়েটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
বিবৃতিতে তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বার্তা প্রেরক:
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
