বড়লেখায় খাল পুনঃখননে ১০ হাজার হেক্টর জমি চাষের আওতায় আনার উদ্যোগ

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভরাট ও দখল হয়ে যাওয়া সরকারি খাল ও ছড়া পুনঃখননের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করে প্রায় ১০ হাজার হেক্টর অনাবাদি জমি কৃষির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে উপজেলার ৪১টি সরকারি খাল ও ছড়ার মধ্যে ইতোমধ্যে ৩৭টির পুনঃখননের অনুমোদন পাওয়া গেছে।

শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, চলতি মৌসুমে দেশের প্রায় ৩০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা অতীতে কোনো সরকার একসঙ্গে এত বড় পরিসরে করতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হুসেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান এবং কৃষি উদ্যোক্তা জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Previous Post Next Post