৫ দিন পর সিলেটে মিলল জকিগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র জিহানের সন্ধান

 


সিলেটের রহিমখারচক এলাকা থেকে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থী এহছান আরাফাত জিহান (১২)-এর সন্ধান মিলেছে। নিখোঁজ হওয়ার ৫ দিন পর রবিবার (৫ এপ্রিল) আলমপুর এলাকা থেকে তাকে সুস্থ ও সজ্ঞানে উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিখোঁজের তিন দিন পর গত বৃহস্পতিবার সিলেট-জকিগঞ্জ সড়ক এর ছবড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তার স্কুলব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনার পর জিহানের নিরাপত্তা নিয়ে জনমনে ব্যাপক শঙ্কার সৃষ্টি হয়।

বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, রবিবার তাকে আলমপুর এলাকায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে গত ৫ দিন সে কোথায় ছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল—এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

জিহানের ফিরে আসার খবরে পরিবার ও সহপাঠীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে, বাংলাদেশ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি

Previous Post Next Post