দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরে একবার করে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক সুপারিশ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
