ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সিলেট বিভাগেও দলটির নেত্রীদের মধ্যে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে জোর তৎপরতা দেখা গেছে। ইতোমধ্যে সিলেট বিএনপির অন্তত এক ডজন নেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট বিভাগে জাতীয় সংসদের মোট ১৯টি সাধারণ আসন রয়েছে। সংসদের প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন নির্ধারণের বিধান অনুযায়ী, এ বিভাগে তিনটি সংরক্ষিত নারী আসন থাকার সম্ভাবনা রয়েছে। যদিও দ্বাদশ জাতীয় সংসদে সিলেট বিভাগের জন্য দুটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে এ বিভাগ থেকে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
দলীয় সূত্রে জানা গেছে, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সক্রিয়ভাবে লবিং ও যোগাযোগ চালাচ্ছেন। দল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলে অন্যরা নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দেবেন না বলেও জানা গেছে।
এদিকে, সিলেট বিভাগ থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি), জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আকতার হাসেমী এবং মুনমুন তালুকদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
