সরকারের কাছে কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান বিএনপি জোটের প্রধান শরীকদল জমিয়তের

 


দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দেশের অন্যতম প্রাচীন ইসলামি সংগঠন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-নেতৃত্বাধীন জোটের প্রধান শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও অবদানের মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এর কার্যকর প্রয়োগ এখনো সর্বক্ষেত্রে নিশ্চিত হয়নি।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার অধিবেশনে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিগত নির্বাচনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন দলটির মহাসচিব, বিএনপি-জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন এবং সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা এবং প্রশাসনিক সুযোগ-সুবিধায় কওমি সনদের পূর্ণ স্বীকৃতি বাস্তবায়ন জরুরি।
তারা আরও বলেন, কওমি সনদের বাস্তবায়ন সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দ্রুত দূর করে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে এ বিষয়ে সকল স্তরের আলেম-ওলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Previous Post Next Post