স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, ভিকটিম হাসপাতালে

 


সুনামগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আপ্তাবনগর এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে তাকে পৌরসভার ষোলঘর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান ওরফে বিল্লাল মিয়া (২২), পিতা মৃত আব্দুর রহিম, গ্রামের বাড়ি কৃষ্ণনগর, থানা ও জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাজির পয়েন্ট থেকে বিলপাড়া গামী একটি বাসা থেকে গভীর রাতে তাকে আটক করেন।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। উদ্ধারের সময় সে অচেতন হয়ে পড়লে তার পিতা-মাতার সহায়তায় মহিলা পুলিশ সদস্যদের মাধ্যমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয় এবং আসামি গ্রেফতারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ (পিপিএম)।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Previous Post Next Post