সংরক্ষিত নারী আসনে আলোচনায় হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামীরা


 ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এ তালিকায় আলোচনায় রয়েছেন ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ব্যারিস্টার সামীরার অন্যতম বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আবুল হারিছ চৌধুরীর কন্যা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে ওঠায় দলীয় রাজনীতির সঙ্গে তার গভীর সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পেশাগত জীবনে ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী ইংল্যান্ড ও ওয়েলসের সিনিয়র কোর্টের একজন প্র্যাকটিসিং সলিসিটর। এছাড়া তিনি ব্রিটিশ সরকারের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার, সিভিল লিটিগেশন ও সুশাসন বিষয়ক কাজে তার বিশেষ দক্ষতা রয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা তাকে একজন দক্ষ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলীয় সূত্র মতে, তিনি বিএনপির ত্যাগী রাজনীতির ধারাবাহিকতার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে শিক্ষা খাতের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, কানাইঘাট-জকিগঞ্জ (সিলেট-৫) আসনকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে সামীরা তানজীন চৌধুরীর মনোনয়ন পাওয়া সময়োপযোগী হবে বলে মনে করছেন স্থানীয়রা। তার পেশাগত দক্ষতা ও রাজনৈতিক পটভূমি তাকে এই আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।

Previous Post Next Post