একবাক্স নীতি ভাঙলে জামায়াত ‘গণশত্রুতে’ পরিণত হবে— মাওলানা হাবিবুর রহমান মিসবাহ

 


একবাক্স নীতি ভেঙে জামায়াতে ইসলামী যদি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়, তবে তা নিছক ক্ষমতার ভাগিদার হওয়ার জন্যই হবে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান মিসবাহ। তিনি বলেন, বিএনপির সঙ্গে গেলে জামায়াত সর্বোচ্চ ২০ থেকে ২৫টি আসন পেতে পারে, কিন্তু একবাক্স নীতিতে অটল থাকলে ১০০টির মতো আসন জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে।

মাওলানা মিসবাহ আরও বলেন, পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ জামায়াতকে যে ‘সেফ জোন’ উপহার দিয়েছেন, তার জন্য তারা কতটা কৃতজ্ঞ—তা প্রশ্নসাপেক্ষ। একবাক্স নীতি ভঙ্গ করলে জামায়াত আজীবনের জন্য ‘মুনাফিক’ তকমা পাবে বলেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, পীর সাহেব চরমোনাই দেশের মুক্তিকামী গণমানুষের আজন্ম আকাঙ্ক্ষা—“ইসলামের ভোট একসঙ্গে হোক”—এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করেছেন। এর ফলে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো দলের কারণে যদি তা নস্যাৎ হয়, তবে সেই দল গণশত্রুতে পরিণত হবে। ইতিহাসে এমন কলঙ্ক লিপিবদ্ধ হবে, যা কখনোই মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ হবে না বলে দাবি করেন মাওলানা মিসবাহ। তিনি বলেন, জামায়াত একবাক্স নীতি থেকে সরে গেলে পীর সাহেব চরমোনাইয়ের প্রচেষ্টা ব্যর্থ হলেও গণজনতা তাঁকে ধন্যবাদই দেবে। তখন আর কেউ ইসলামী আন্দোলনকে প্রশ্ন করবে না কেন জামায়াতকে সঙ্গে নেওয়া হয়নি।

অন্যদিকে, একবাক্স নীতি অটুট থাকলে পুরো কৃতিত্ব ও রাজনৈতিক দূরদর্শিতার স্বীকৃতি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝুলিতেই যাবে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ইসলামী আন্দোলনের রাজনীতির মোড় ইতোমধ্যে ঘুরে গেছে—কে কোন পথে হাঁটবে, তাতে এই পরিবর্তন থামানো যাবে না।

Previous Post Next Post