সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাইফুদ্দীন খালেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জকিগঞ্জের বিশিষ্ঠ শিল্পপতি ও দানবীর আলহাজ্ব সাইফুদ্দীন খালেদ। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে গতকাল ২৪ ডিসেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
মনোনয়ন প্রাপ্তির পর সাইফুদ্দীন খালেদ জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। নির্বাচিত হলে জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং স্থানীয় সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ঘোষণার খবরে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা জানান, দলীয় ঐক্য ও সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে সাইফুদ্দীন খালেদের মনোনয়নকে সিলেট-৫ আসনে জাতীয় পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
