সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের অন্যতম শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেইন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি জোটের প্রার্থীর পক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক আবেগঘন লিখিত ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জাকির হোসেইন জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর উদ্দেশে নিজের অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি কোনো নেতা বা প্রার্থী হিসেবে নয়, বরং এই জনপদের একজন সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার স্বপ্ন ছিল ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে মানুষের কণ্ঠস্বর হওয়া। আপনাদের যে সাড়া আমি পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা।”
জাকির হোসেইন আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকারহীনতার কথা সংসদে তুলে ধরার উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে রাজনীতির বৃহত্তর স্বার্থে এবং দলের নির্দেশে তাকে সরে দাঁড়াতে হয়েছে। তিনি জানান, ব্যক্তিগতভাবে এটি কষ্টের হলেও দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বিবৃতিতে উল্লেখ করেন, বিএনপির রাজনীতির কারণে তাকে দীর্ঘ ১৪ বছর প্রবাসে কাটাতে হয়েছে। বিভিন্ন প্রলোভন এলেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপি তার কাছে সাধারণ দল নয়, বরং একটি বিশ্বাস ও চেতনার নাম।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জাকির হোসেইন এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আজ আমি প্রার্থী নই, কিন্তু আপনাদের আপনজন হয়েই থাকব। এলাকার উন্নয়ন ও ন্যায়ের সংগ্রামের স্বপ্ন আমরা অব্যাহত রাখব।”
বক্তব্যের শেষ অংশে তিনি উল্লেখ করেছেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”—এই নীতিতে অবিচল থেকে তিনি জকিগঞ্জ-কানাইঘাটবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।
