সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টি থেকে লড়বেন সৈয়দ তালহা আলম।
সুনামগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে দলটিতে যোগদান করেন তিনি। এরই সাথে সাথে জমিয়তের সাবেক নেতায় পরিণত হয়েছেন জগন্নাথপুর উপজেলার এই নেতা। খবরটি নিশ্চিত করেছেন সৈয়দ তালহা আলম নিজেই। রাত ৮টায় মুঠোফোনে এক বার্তা ও ছবি পাঠিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। জগন্নাথপুরের বাসিন্দা সৈয়দ তালহার এই সিদ্ধান্তে সুনামগঞ্জ-৩ আসনে আরও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুক্ত হলেন।
সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। এই ঘটনা স্পষ্টভাবে বুঝিয়েছে- বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, প্রো-বাংলাদেশি ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমার বাংলাদেশ পার্টিতে যোগ দিয়েছি এবং পরিবর্তনের পথে কাজ করতে চাই। সুনামগঞ্জ-৩ আসনে এই দল থেকেই নির্বাচন করবো। আশা করছি, সাধারণ মানুষ আমাকে মন থেকে সাপোর্ট করবেন।
Tags:
জগন্নাথপুর
