কাতারে নির্মাণকাজে দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রামের প্রবাসী শ্রমিক লিটন দাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুইবারের ভাইস চেয়ারম্যান এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র কাপ–পিরিচ প্রতীকের প্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
সোমবার তিনি নিহতের নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। লিটনের মতো একজন তরুণের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এই শোক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের।
তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা কমে আসে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে।
এ সময় কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ প্রয়াত লিটন দাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
