দলমত নির্বিশেষে খেজুর গাছের বিজয় নিশ্চিত করতে মাঠে নামার আহ্বান আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরীর

 


জমিয়তে উলামা বাংলাদেশ-এর আমীর ও শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সকালে কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস মাদরাসার মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাদরাসার নাইবে মুহতামিম হিসেবেও দায়িত্ব পালনরত আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেন, আজ মাদরাসার পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যখন নিজ নিজ বাড়িতে ফিরে যাবে, তখন তাদের দায়িত্ব হবে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ ভোটারদের কাছে খেজুর গাছ প্রতীকের পক্ষে দাওয়াত পৌঁছে দেওয়া।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় ঈমানি তাগিদ ও নৈতিক দায়িত্ব হলো সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খেজুর গাছের প্রতিনিধি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। এ মুহূর্তে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে।

আলিমুদ্দীন দুর্লভপুরী আরও বলেন, আমাদের কাজ হবে বিনয়ের সঙ্গে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো। দাওয়াতি মনোভাব নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক নির্বাচন নয়; বরং আদর্শ, নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ রক্ষার নির্বাচন।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা সমাজে সম্মানিত। আপনাদের কথা মানুষ গুরুত্বের সঙ্গে শোনে। তাই আপনাদের দায়িত্বও বেশি। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে ইনশাআল্লাহ খেজুর গাছের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বক্তব্যকালে তিনি সিলেট-৫ আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, এ এলাকার মানুষ আলেম-উলামা ও দ্বীনি নেতৃত্বকে সবসময় সম্মান করে এসেছে। আল্লামা উবায়দুল্লাহ ফারুক একজন পরীক্ষিত আলেম ও অভিজ্ঞ নেতৃত্ব। তাঁর হাত ধরেই এ অঞ্চলে শান্তি, ন্যায় ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post Next Post