ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জমিয়তের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী এবং ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান ক্রান্তিকালে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং ইসলামপ্রিয় জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সম্মিলিত ও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, এই নির্বাচন শুধু সংসদের আসন জয়ের লড়াই নয়; বরং এটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। তাই সব ধরনের বিভ্রান্তি ও গুজব পরিহার করে দলীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
.png)