জামায়াত প্রার্থী শিশির মনিরের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য—সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা

 

জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা—এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা চলছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের দিরাই উপজেলার বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত বৈঠকে মাইকে বক্তব্য দিচ্ছেন গোলাপ মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা। এ সময় জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে তার বাম পাশে বসে থাকতে দেখা যায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে মোহাম্মদ শিশির মনির জামায়াতে ইসলামের আলোচিত প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি।

ছড়িয়ে পড়া ভিডিওতে বক্তব্য রাখা গোলাপ মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ নিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।

Previous Post Next Post