ইলিয়াস আলীর গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে ছাত্রদল নেতা দিনারকে গুম করা হয়: লুনা
বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ১৫ দিন আগে ‘টেস্ট কেস’ হিসেবে ছাত্রদল নেতা ইফতেখার আলম দিনারকে গুম করা হয়েছিল বলে দাবি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, “২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর ঠিক ১৫ দিন আগে ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। দিনারকে গুম করা হয়েছিল মূলত একটি ‘টেস্ট কেস’ হিসেবে, বিষয়টি আমরা পরে বুঝতে পারি।”
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।
‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
