পবিত্র রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
জানা যায়, রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর পূর্বে গত ৫ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি অবহিত করা হয়।
রিটে উল্লেখ করা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হওয়ায় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও নীতি বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত হতে পারে। সেই যুক্তিতে রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক হিসেবে দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সারাদিন ক্লাস ও যাতায়াতে ক্লান্ত হয়ে রোজা পালনে সমস্যার সম্মুখীন হতে পারে। এতে তাদের ধর্মীয় চর্চায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়।
নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট আবেদন করা হয় বলে জানা গেছে।
আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে।
