সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ছাতক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি এলাকার একটি বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী। সম্প্রতি প্রতিবেশীদের সঙ্গে তার স্বজনদের একটি বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২টার দিকে দুই যুবক তার ঘরে প্রবেশ করে। তারা তার ছোট ভাইকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ জানান বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) সেন্টারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ভুক্তভোগীর অভিযোগ নেওয়া হয়েছে। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.jpg)