কওমী মাদরাসার শিক্ষা কার্যক্রম ও আন্দোলনকে সংকুচিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জমিয়ত নেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ইসলামের মৌলিক আদর্শ ও চেতনার ওপর সরাসরি আঘাতের শামিল।
এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, ভারত উপমহাদেশে ইসলামের মৌলিক শিক্ষা, আকিদা ও আদর্শ সংরক্ষণ এবং বিস্তারে কওমী মাদরাসাগুলো ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। যুগে যুগে আলেম সমাজ এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনী শিক্ষা সম্প্রসারণ, নৈতিকতা গঠন এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, যারা কওমী শিক্ষাব্যবস্থাকে সীমাবদ্ধ বা দুর্বল করার চেষ্টা করছেন, তাদের ইসলামের ১৪০০ বছরের ইতিহাস স্মরণ করা উচিত। অতীতে সীরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত কোনো শক্তি হক্কানিয়্যাতকে দমিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও পারবে না—ইনশাআল্লাহ।
জমিয়ত নেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ বলেন, আল্লাহ তায়ালা যুগে যুগে সত্যের পতাকাবাহীদের বিজয়ী করেছেন। তারা সংখ্যা ও সামর্থ্যে কম হলেও ত্যাগ, ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে প্রতিকূলতা অতিক্রম করেছেন। সত্য ও ন্যায়ের এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
