নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ, নতুন মন্ত্রিসভা গঠন



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় ২৫ জনকে মন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলও।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী। সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

দুপুরে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক এবং বিকেলে সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নতুন সরকারের কার্যক্রম শুরুকে ঘিরে প্রশাসনিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
Previous Post Next Post