সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট সরিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ইট ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার মইন।
এ বিষয়ে তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এলাকাবাসীর প্রতি আবেগঘন অনুরোধ জানিয়ে বলেন, “পকেটে করে পারেন, হাতে করে পারেন—যেভাবেই হোক ইটগুলো নির্দিষ্ট স্থানে ফেরত দিন।”
চেয়ারম্যান আব্দুস ছাত্তার মইন বলেন, সরকারি রাস্তার প্রায় পাঁচ লাখ ইট উদ্ধারের বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রতিদিন এলাকায় গিয়ে বিভিন্ন বাড়িতে থাকা ইট গণনা করে সিজার লিস্ট প্রস্তুত করছে। পর্যায়ক্রমে এ বিষয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অযথা সময় নষ্ট না করে আগামীকালের মধ্যেই সংশ্লিষ্ট ইটগুলো মুন্সিবাজার মাদ্রাসা প্রাঙ্গণে নির্ধারিত মসজিদের সামনে রেখে আসার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, “আমার ৭২ বছরের জীবনে চাকরি জীবনে বেতনের বাইরে একশ টাকার লোভও করিনি। নির্বাচনে জয়লাভের আশায় অনেকে চোর-ডাকাতের সঙ্গে সম্পর্ক রাখলেও আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং কোনো অপকর্মের সঙ্গে জড়িত হইনি।”
তিনি আরও বলেন, কিছু মানুষের অতিউৎসাহী কর্মকাণ্ডের কারণে আজ পুরো এলাকার সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। অথচ নির্বাচিত হওয়ার পর গত দুই বছরে ইউনিয়নে দুর্নীতির কোনো ছায়া নেই—এ কথা তিনি সব সময় দৃঢ়তার সঙ্গে বলে আসছেন। বর্তমান পরিস্থিতি তাকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কেউ আমার ভাই, কেউ সমবয়সী, কেউ ভাতিজা বা সন্তানের মতো। তাই পুরো একটি বৃহৎ এলাকাকে বিপদগ্রস্ত না করে সবাইকে অনুরোধ করছি—ইটগুলো দ্রুত ফেরত দিন।”
উল্লেখ্য, কসকনকপুর ইউনিয়নে মুন্সিবাজার মাদ্রাসা থেকে আইওর সুরমা ডাইকের সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ইট উদ্ধার করে এবং কয়েকজনকে আটক করে।
