কুলাউড়া বালিকা বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

 

মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের উত্থাপিত বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি মাঠ সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ, গেইট স্থাপনসহ অবকাঠামোগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Previous Post Next Post