শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামে দিরাই-মদনপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০)। আহতরা হলেন একই গ্রামের উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম এবং হানিফ উল্লাহর ছেলে গুলজার আলী (৪০)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আড্ডা দিতে সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নতুন মোটরসাইকেলে তাহিরপুর উপজেলার শিমুলবাগানের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গাগলী গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলামের মৃত্যু হয়। অপর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Previous Post Next Post