জামায়াতে ইসলামিতে যোগদানের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: মুফতি ফখরুল ইসলাম

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নাকি জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন—এ মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে জামায়াতে ইসলামিতে যোগদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মুফতি ফখরুল ইসলাম বলেন, “আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে পূর্বের ন্যায় সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ সকল দ্বীনি ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় কেউ যেন বিচলিত না হন এবং গুজবে কান না দেন।

পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ করেন।

Previous Post Next Post