জুড়ীতে অভিযান: অবৈধভাবে মজুত ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, মামলা দায়ের

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৮ এপ্রিল) রাত প্রায় ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে অবস্থিত ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাক পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পূর্বে জ্বালানি তেল মজুদ না থাকার তথ্য দেওয়া হলেও অভিযানের সময় দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, উদ্ধারকৃত প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Previous Post Next Post