ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, উচ্ছেদ অভিযান ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সংগঠনটির আমীর মাওলানা মামুনুল হক পশ্চিমবঙ্গ-আসামসহ ভারতজুড়ে মুসলিম নিপীড়ন এবং মধ্যপ্রাচ্যে চলমান আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার (৯ মে) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বক্তব্যে মামুনুল হক বলেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে আসামের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও বসতবাড়ি ধ্বংসের ঘটনাকে তিনি মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সংখ্যালঘু মুসলমানদের জানমাল, ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ সময় তিনি জাতিসংঘ, ওআইসি, মুসলিম বিশ্ব এবং বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানকে কেন্দ্র করে যে অস্থিরতা ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
বৈঠক থেকে অবিলম্বে গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করে মুসলিম বিশ্বকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।
এছাড়া বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশের জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়নে সরকার জনগণের মতামত উপেক্ষা করছে বলেও তারা অভিযোগ করেন। গণভোটের রায় কার্যকরে ঘোষিত দেশব্যাপী কর্মসূচি সফল করতে জেলা-জেলায় নাগরিক সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বৈঠকে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
