আলিম-উলামার সমর্থনে সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ সমাজসেবক ও ধর্মভিত্তিক রাজনীতির পরিচিত মুখ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আলিম-উলামাদের সম্মিলিত সিদ্ধান্ত ও সাধারণ মানুষের অনুরোধেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়।”
তিনি বলেন, ভোটাররা এবার প্রতীক নয়—যোগ্যতা, সততা ও কাজের ভিত্তিতে প্রার্থী বেছে নেবেন বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমি পেয়েছি, ইনশাআল্লাহ তা কখনো ভূলবো না। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে তাঁদের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুশ শহিদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল, গোলাপগঞ্জ জমিয়তের সহসভাপতি মাওলানা মাহফুজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফারসহ স্থানীয় আলিম ও নেতৃবৃন্দ।
জানা গেছে, গত এক বছর ধরে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজ অর্থায়নে শতাধিক গ্রামীণ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়েছেন।
এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের প্রতি তাঁর সহজ-সরল আচরণ, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক কর্মকাণ্ড সিলেট-৬ আসনে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হলেও তাঁকে এই আসনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ভোটাররা।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সাধারণ মানুষের ভালোবাসা ও আলিম-উলামাদের ঐক্যবদ্ধ সমর্থন থাকলে সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম চমক দেখাতে পারেন।
