সিলেট-৫ আসনে খেজুর গাছ প্রতীকে মনোনয়ন দাখিল করলেন বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের সভাপতি ইকবাল আহমদ তাপাদারসহ বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিল শেষে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সিলেট-৫ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সিলেট-৫ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে এই আসনে বিজয় অর্জন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
