সুনামগঞ্জ জেলার ছয়টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাবাহিনী ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপগান, ১টি স্টানগান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শটগান কার্তুজ এবং ৮০টি দেশীয় সাউন্ড বোমা। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
