আগামী এক বছরে দৃশ্যমান পরিবর্তন হবে: সিলেট-৪ এ আরিফুল হক চৌধুরী

 

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তিনি জেল–জুলুম-নির্যাতন সয়েছেন, তবু নতি স্বীকার করেননি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দিনব্যাপী দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে এ অঞ্চলে দৃশ্যমান পরিবর্তন হবে। গত ১৭ বছর গোয়াইনঘাটে উন্নয়নের নামে অবিচার হয়েছে—রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা অবকাঠামোর চরম বেহাল অবস্থা বিরাজ করছে; এটি জাতির সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে সিলেট জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post Next Post