প্রচারণা সংক্রান্ত আচরণবিধি মেনে চলার আহ্বান জানাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

 প্রচারণা সংক্রান্ত আচরণবিধি মেনে চলার আহ্বান জানাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল মাঠে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষত ফেসবুকে—নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্যসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধির যেকোনো ধরনের লঙ্ঘন—যেমন পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচার, ফেসবুক লাইভ, প্রচারপত্র, ভিডিও ক্লিপ প্রকাশ ও শেয়ার—কঠোরভাবে নিষিদ্ধ। এসব লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।

তিনি দলটির সব প্রার্থী, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রচারণা শুরুর পর দায়িত্বশীলভাবে মাঠে নামার প্রস্তুতি নিতে অনুরোধ করেন।

Previous Post Next Post