আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মনোনয়ন অনুমোদন দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর এ চূড়ান্ত মনোনয়নপত্র পাঠানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য সংসদীয় আসন নম্বর ২৩৪, সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে এবং তাঁর অনুকূলে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় অবগতি ও কার্যার্থে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারদের অনুলিপি প্রদান করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, এমরান আহমদ চৌধুরীর চূড়ান্ত মনোনয়নের মাধ্যমে সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি হবে।
.png)