ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমিয়তের নির্বাচনী পরিকল্পনা, রাজনৈতিক অবস্থান, প্রচার কৌশল এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।

মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার গঠিত হলে জমিয়তের রাজনৈতিক অবস্থান, দায়িত্বশীল ভূমিকা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়।

সভায় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক ভূমিকা ও চলমান রাজনৈতিক অবদান তুলে ধরা হয়। এ সময় প্রতিনিধিরা উল্লেখ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ এবং ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।

Previous Post Next Post