আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী ও নৈতিক প্রজন্ম তৈরি করতে হবে : আরিফুল হক চৌধুরী

 


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের জন্য মেধাবী ও জ্ঞানভিত্তিক একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা সুস্থ ধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার।

তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব হলো এমন একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করে যাওয়া, যাতে নতুন প্রজন্ম সব বাধা-বিপত্তি অতিক্রম করে নিশ্চিন্তে ও নিরাপদে সুস্থ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কুপারবাজারে আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দিনব্যাপী দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, নতুন প্রজন্মকে মেধাশূন্য করতে নানা চক্রান্ত চলছে, যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, বিএনপির ইতিহাসে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে তাঁর সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যা সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের। তারেক রহমানকে সম্মান জানাতে সেদিন সিলেট জনসমুদ্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Previous Post Next Post