জোটের স্বার্থে জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের মনোনয়ন প্রত্যাহার সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

 

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, সম্পূর্ণ প্রস্তুতি, দৃঢ় প্রত্যয় ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায়ই তার এই পদক্ষেপ ছিল।

তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বৃহত্তর জোটের স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যক্তিগত অবস্থানের চেয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

ড. শোয়াইব আহমদ বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ব্যক্তিগত হিসাব বা বিভক্তির কোনো সুযোগ নেই। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি তার সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জোটপ্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। ঐক্য ও ত্যাগের মধ্য দিয়েই—ইনশাআল্লাহ—এই সংগ্রামে বিজয় অর্জিত হবে।

Previous Post Next Post