বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মধ্য দিয়ে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Previous Post Next Post