ছাতকে এলজিইডির প্রকল্প ও ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডির চলমান প্রকল্প এলাকা ও ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় হাতক–কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি কাজের বর্তমান অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার বিষয়ে ব্রিফিং নেন।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্গম ও দুর্গত এলাকায় টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের ভোগান্তি কমাতে দ্রুততার সঙ্গে এবং মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে তিনি ছাতক সিমেন্ট কারখানাও ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম ও কারখানার আধুনিকায়ন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলজিইডির প্রকৌশলীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Previous Post Next Post