সহিংসতা ও চাঁদাবাজিমুক্ত রাজনীতির আহ্বান মুনতাছির আলীর

 সহিংসতা ও চাঁদাবাজিমুক্ত রাজনীতির আহ্বান মুনতাছির আলীর


ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোট মনোনীত সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী সহিংসতা, বিদ্বেষ ও চাঁদাবাজিমুক্ত সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে মুনতাছির আলী বলেন, সিলেট-২ আসন থেকে তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বলেন, “হিংসা-বিদ্বেষ ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের আগেই নিজেকে বিজয়ী ভাবার মানসিকতা নয়, বরং জনগণের সমর্থন নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, সুস্থ ধারার রাজনীতি নিশ্চিত করতে সরকারকে সব দলের জন্য সমান রাজনৈতিক মাঠ তৈরি করতে হবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রতিহিংসার রাজনীতি কাম্য নয়।
১০ দলীয় জোটের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে বিজয়ী করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ১০ দলীয় জোট কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে ১০ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমাকে কোনো একক দলের প্রার্থী হিসেবে নয়, বরং ১০ দলীয় জোটের একজন প্রার্থী হিসেবে বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি শাসক হয়ে নয়, একজন সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব।”
মতবিনিময় সভায় এ সময় জেলা খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post Next Post