বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা: কলিম উদ্দিন আহমদ মিলন

 

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল তাঁর অটল দেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব—যা নতুন প্রজন্মের জন্য অনুসরণযোগ্য আদর্শ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কালারুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে হাসনাবাদ বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকার শত শত নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীনুর রহমান বাবুল ও সাইফ উদ্দিন।

কলিম উদ্দিন মিলন বলেন, “গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষায় বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন। তাঁর দেশপ্রেম, সততা ও সংগ্রামী জীবন আদর্শ আমাদের প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “আমরা খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ। জনগণই বিএনপির শক্তি—এই বিশ্বাস বেগম জিয়া আজীবন ধারণ করেছেন।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী নেতা। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি–সমৃদ্ধি ও বিএনপির নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Previous Post Next Post