সুনামগঞ্জ ছাতকে নাশকতা মামলায়
নিষিদ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তারত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ও কালারুকা ইউনিয়নে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নেতা হলেন—
উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে তাজ উদ্দিন (৩০) এবং কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মঈনের ছেলে আব্দুল মহসিন (৪৩)। তাঁরা সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক অস্থিরতার সময়ে অনেকের নাম মামলায় জড়িয়ে যায়—তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা প্রয়োজন। অন্যদিকে পুলিশ বলছে, নাশকতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে যুবলীগ নেতৃবৃন্দ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ২২ জুলাই দায়ের করা নাশকতা মামলার তদন্তের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে তাঁদের চলাফেরা নজরদারিতে রাখা হয়েছিল। তথ্য-উপাত্ত যাচাইয়ের পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ টিম পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“দুই আসামিকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
.png)