সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই জাকির আহমদ (২৮), তার স্ত্রী এবং ছোট ভাই কামিল আহমদ (২৫)-এর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির আহমদ কাঠের চেলা দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই কামিল আহমদের মৃত্যু হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত জাকির আহমদকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
