সিলেটের জকিগঞ্জ উপজেলায় হাওর এলাকা থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর যৌথ তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৯)।
পুলিশ জানায়, নিহতের পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও দেশে এসে সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে তাঁর স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। মরদেহের পাশ থেকে একটি লবণের প্যাকেট উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করেন। পরে পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলাটি কোন থানায় দায়ের হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অপেক্ষমাণ।
