মাহে রামাজান উপলক্ষে নূরানী মু‘আল্লিম ও মু‘আল্লিমা প্রশিক্ষণ কোর্স সূচি ঘোষণা


আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় মাহে রামাজান উপলক্ষে ২০২৬ সালের নূরানী মু‘আল্লিম ও মু‘আল্লিমা প্রশিক্ষণ কোর্সের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে পুরুষ ও মহিলা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কুরআন শিক্ষাকে সহজ, শুদ্ধ ও আধুনিক পদ্ধতিতে পৌঁছে দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাদরাসা ও স্কুল–কলেজ শিক্ষিতদের জন্য বিষয়ভিত্তিক আলাদা ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পুরুষ কেন্দ্রসমূহ

সিলেটের দক্ষিণ সুরমার কায়েস্তরাইল এলাকায় অবস্থিত এদারা কমপ্লেক্সে আরবি বিষয়ে ২৬ শাবান থেকে ১৬ শাওয়াল পর্যন্ত ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ চলবে।

এছাড়া সিলেট নগরীর সোবহানীঘাটস্থ জামেয়া মাহমুদিয়া ইসলামিয়ায় বাংলা ও ইংরেজি বিষয়ে ২৬ শাবান থেকে ২৬ রামাজান পর্যন্ত ৩০ দিনের কোর্স পরিচালিত হবে।

জকিগঞ্জের শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুমে ২০ পারা জানা শিক্ষার্থীদের জন্য বিশেষ আরবি কোর্সের আয়োজন করা হয়েছে। একইভাবে মৌলভীবাজারের জামেয়া রহমানিয়ায় আরবি বিষয়ে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

মহিলা কেন্দ্রসমূহ

নারীদের জন্য সিলেটের বারুতখানায় মাদরাসাতুল বানাত দারুল হাদীসে, সুনামগঞ্জের আমবাড়ীতে পঞ্চগ্রাম মহিলা মাদরাসায় এবং মৌলভীবাজারের বড়লেখায় হিলফুল ফুযুল নূরানী মাদরাসায় ১ রামাজান থেকে ২৭ রামাজান ১৪৪৭ হিজরি পর্যন্ত ২৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাপদ্ধতি ও প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগ সংক্রান্ত দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হবে। বিশেষ করে নারীদের জন্য নিজ বাড়িতে কোচিং পদ্ধতিতে নূরানী মক্তব পরিচালনায় এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নূরানী বিভাগের নম্বর ০১৬১০-৬০৬০২০ এবং প্রধান প্রশিক্ষকের নম্বর ০১৬১০-৬০৫০৬০-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Previous Post Next Post