সিলেট–৫ আসনে খেজুর গাছ প্রতীকে ভোটের আহ্বান মাওলানা হুসামুদ্দীন ফুলতলীর


 সিলেট–৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে সমর্থন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক সম্প্রতি জকিগঞ্জ উপজেলায় সফর করেন। সফরকালে তিনি স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই আলোচনার এক পর্যায়ে তিনি ছোট সাহেব মাওলানা হুসামুদ্দীন ফুলতলীর সঙ্গেও মতবিনিময় করেন। বৈঠক শেষে মাওলানা হুসামুদ্দীন ফুলতলী খেজুর গাছ প্রতীকের প্রতি তার অবস্থান স্পষ্ট করে জানান। তিনি বলেন, দ্বীন ও দেশের কল্যাণের স্বার্থে সিলেট–৫ আসনে খেজুর গাছ প্রতীককে সমর্থন করা জরুরি এবং সাধারণ মানুষকে এ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই ভোটারদের ঈমানি দায়িত্ববোধ থেকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।

এরই ধারাবাহিকতায় আজ ভোরে ফজরের নামাজ শেষে নিজ মসজিদের কার্যালয়ে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যেও তিনি একই আহ্বান পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলেম সমাজের প্রভাবশালী ব্যক্তিদের এ ধরনের প্রকাশ্য সমর্থন সিলেট–৫ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

Previous Post Next Post