অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির

 

বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাময়িক অনুপস্থিতিতে দেশের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে সিলেটের কৃতি সন্তান ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ওপর।

তিনি বর্তমানে সরকারের বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সরকারের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ যেন ব্যাহত না হয় এবং প্রশাসনিক গতিশীলতা বজায় থাকে—সে লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্ব পালনকালে খন্দকার আব্দুল মুক্তাদির অর্থ মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক তদারকি করবেন। একইসঙ্গে তিনি তার পূর্বের মন্ত্রণালয়সমূহ—বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র—এর দায়িত্বও যথারীতি পালন করে যাবেন।

সংশ্লিষ্ট মহলের মতে, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Previous Post Next Post